নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১২
অল্প অল্প দুলিতেছে সুন্দর জাহাজ
শীতের বাতাসে কাঁপে ঊষাকালে
ঘাড় কাৎ সুন্দর জাহাজ।
জাহাজের যাত্রীদের মাটিহীন দিন আর ভাল্লাগতেছিল না
তারা ভূমিস্পর্শ চায়।
চরে ফুটলো কাশফুল,
ঘাসফুল,
কচুরিপানার ফুল
শাদা ও বেগনিরঙে মোহনীয়
অল্পস্বল্প চর
সবুজের উপস্থিতি মাটি আর বালির মতোই
দ্রুত সাধারণ–
তাই সে সবুজ রঙ আছে তবু নেই
তাই শাদা ও বেগনিরঙ চরমধ্যে গুরুর সঙ্গীরা খালি
নাইমা পড়তে চায়
তারা বলে ভালো লাগে
ভালো লাগে আমাদের
নদীমধ্যে চর।
গুরু কন হাসতে হাসতে রয়েছে বিস্তর
নদীমধ্যে হেথাহোথা কত গুপ্তচর
আমাদেরে দিনমান খেয়াল করতেছে!
১৮/১১/২০১১





